দায়িত্ব পালনে অবহেলা করলে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শত্রুরা সফল হওয়ার সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা। একই সঙ্গে সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে জাতিগত পরিচয়, ভাষা ও ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কান্দাহারের গভর্নর কার্যালয়ে আয়োজিত এক দিনব্যাপী সেমিনারে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন আফগান সর্বোচ্চ নেতা।
সেমিনারে জেলা গভর্নর, পুলিশ কমান্ডার, নিরাপত্তা কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা অংশ নেন।
মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বাধীন এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, কোনো এলাকায় নিরাপত্তাহীনতা দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে।
সরকারি নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব পরিহারের নির্দেশ দিয়ে তিনি বলেন, জাতিগত পরিচয়, ভাষা, পারিবারিক বন্ধন কিংবা ব্যক্তিগত সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দিতে হবে।
তিনি কর্মকর্তাদের অধীনস্থ বাহিনীর সদস্যদের ধর্মীয় শিক্ষা ও পড়াশোনায় উৎসাহিত করার আহ্বান জানান। একই সঙ্গে আদালতের আদেশ ছাড়া অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে শাস্তি না দেওয়ার নির্দেশ দেন।
আফগান সর্বোচ্চ নেতা সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয়, নির্দেশনা মেনে চলা, বিনয় এবং ধর্মীয় নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি অর্থের অপচয় ও অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন।
তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানজুড়ে নিরাপত্তা বিরাজ করছে। এই নিরাপত্তা বজায় রাখতে এবং যথাযথভাবে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
সূত্র : আরিয়ানা নিউজ