৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রধান উপায় হিসেবে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা।

বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নানা নিষেধাজ্ঞা ও প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সমস্যার টেকসই সমাধানের মূল চাবিকাঠি হলো অভ্যন্তরীণ উৎপাদনের ওপর নির্ভরতা বাড়ানো। যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না, কেবল সেগুলোই সতর্কতার সঙ্গে আমদানি করা উচিত। এছাড়া তরুণ ও মেধাবীদের উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে জাতীয় প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার পরামর্শ দেন তিনি।

জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের মনোবল ভেঙে দেয়—এমন কোনো মন্তব্য বা বক্তব্য দেওয়া যাবে না। ‘যুদ্ধ নাকি আলোচনা’—এ ধরনের অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে সমাজে বিভেদ ছড়ানো থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেন তিনি।

দেশের শিক্ষক, চিকিৎসক এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিয়োজিত মায়েদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সুদৃঢ় ঐক্যের মাধ্যমেই যেকোনো আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

সূত্র: প্রেস টিভি।

Home R3