২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’র তালিকা থেকে সরালেন ট্রাম্প

সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’র তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন।

এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে সিরিয়ার ওপর থাকা কিছু রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল হবে। পাশাপাশি, ওয়াশিংটন থেকে দামেস্কে মানবিক ও কিছু ক্ষেত্রে সামরিক সহায়তা দেওয়ার পথও সুগম হবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, একই সঙ্গে ‘হায়াত তাহরির আল-শাম’-কেও ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’র তালিকা থেকে সরানো হয়েছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একসময় এই সংগঠনের নেতৃত্বে ছিলেন।

রুবিও বলেন, ‘এটি সিরিয়ার জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ।’

সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’র তালিকা থেকে বাদ দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্র আগেই দিয়েছিল। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু করেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠককে এই প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়। শারার জন্য ওই বৈঠক ছিল একটি বড় কূটনৈতিক সাফল্য।

তবে এই ঘোষণার মধ্যেই গত সপ্তাহে সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলের হামলার পর অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক ওই হামলাকে ‘গুরুতর ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, তুরস্ককে যুদ্ধে জড়ানোর জন্য ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করে থাকতে পারে।

Home R3