২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

মালয়েশিয়ায় নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ১২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ১২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে স্থানীয় ও বিদেশি নাগরিকসহ মোট ৫৭ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ১২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার দুপুরে সেরেমবান এলাকার তিনটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জেআইএমের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ। অভিযানে কুয়ালালামপুরে অবস্থিত ইন্দোনেশিয়ার দূতাবাস সহায়তা প্রদান করে। আটকদের বয়স ১৯ থেকে ৬৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশি ছাড়াও ৭ জন স্থানীয়, ৩ জন ইন্দোনেশীয় ও ৩ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে হোস্টেল ও বাজেট হোটেলে বিদেশি নারীদের রেখে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। চক্রটি প্রতি সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫০ রিঙ্গিত নিত এবং এ থেকে বছরে তাদের আনুমানিক আয় হতো প্রায় ৫ লাখ ৪০ হাজার রিঙ্গিত।

আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে পরবর্তী তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অবৈধ কার্যক্রম ও মানবপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

Home R3