কুয়েতে ভিজিট ভিসার মেয়াদ ও দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ‘বিশেষ সুবিধা’ আগামী ১ সেপ্টেম্বর থেকে বাতিল হতে যাচ্ছে। এরপর থেকে ভিসা ও ছুটির মেয়াদের ক্ষেত্রে পূর্বের নিয়মিত নিয়মই কার্যকর হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে *কুয়েত টাইমস*।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটিতে থাকা ভিজিট ভিসাধারীদের অতিরিক্ত সময় দেওয়া এবং দেশের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের মেয়াদ সাময়িকভাবে তিন মাস বাড়ানোর যে বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছিল, ১ সেপ্টেম্বর থেকে তা আর বহাল থাকছে না।
চলতি বছরের শুরুর দিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগ বিঘ্নিত হয়। ফলে বহু ভিজিট ভিসাধারী সময়মতো কুয়েত ছাড়তে পারেননি এবং নিজ দেশে ছুটিতে থাকা প্রবাসীরাও নির্দিষ্ট সময়ে ফিরতে বাধার মুখে পড়েন। প্রবাসীরা যেন অনিচ্ছাকৃতভাবে দেশটির আবাসন আইন লঙ্ঘনের আওতায় না পড়েন, সেজন্য সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির এই সুবিধা চালু করেছিল দেশটির সরকার।
বর্তমানে যোগাযোগ ও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই বিশেষ সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। ফলে আগামী মাস থেকে প্রবাসীদের নিজ দায়িত্বে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসতে হবে অথবা নিয়মিত প্রক্রিয়ায় ভিসার কাজ সম্পন্ন করতে হবে।