২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতিতে আবেগ নয়, প্রয়োজন প্রজ্ঞা ও বিচক্ষণতা : আনাস হক্কানী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্যেষ্ঠ নেতা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা আনাস হক্কানী বলেছেন, সফল রাজনীতির জন্য আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, বরং যুক্তিবোধ, বাস্তবতা উপলব্ধি, প্রজ্ঞা ও বিচক্ষণতা প্রয়োজন।

শুক্রবার (২১ আগস্ট) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজে প্রকাশিত এক নিবন্ধে তিনি এসব কথা বলেন। নিবন্ধটিতে আফগানিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সংস্কৃতি ও জনপরিসরের আলোচনা নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

আনাস হক্কানী বলেন, আবেগের দ্বারা পরিচালিত রাজনীতিবিদরা ধীরে ধীরে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণের সক্ষমতা হারিয়ে ফেলেন। ফলে অনেক ঘটনা তাদের কাছে আকস্মিক মনে হয়। অথচ সতর্ক ও আবেগমুক্তভাবে পরিস্থিতি মূল্যায়ন করলে অনেক ঘটনাপ্রবাহ আগেই আঁচ করা সম্ভব।

তিনি আফগানিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিসরে পারস্পরিক সম্মান, ভিন্নমত শোনার ধৈর্য এবং ন্যায়সংগত ও পরিমিত বিচারবোধের ওপর গুরুত্ব দেন। তার মতে, অন্যের আবেগতাড়িত বা একপেশে অবস্থানের জবাব দিতে গিয়ে নিজেদের ভারসাম্য হারানো উচিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমকে একটি সমাজের রাজনৈতিক সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক পরিপক্বতার প্রতিফলন হিসেবে উল্লেখ করে আনাস হক্কানী বলেন, অনলাইন আলোচনায় যুক্তিবোধ ও সহনশীলতার চর্চা বাড়াতে শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর বিশেষ দায়িত্ব রয়েছে।

আফগানিস্তানের রাজনৈতিক মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, দেশটি সব আফগানের অভিন্ন ঘর। তাই মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান, ন্যায়সংগত আচরণ ও যুক্তিনির্ভর আলোচনার সংস্কৃতি শক্তিশালী করতে হবে।

এ সময় তিনি জানান, ২০০১ থেকে ২০২১ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও নিজের অভিজ্ঞতা নিয়ে প্রায় দেড় বছর ধরে একটি স্মৃতিকথা লিখছেন। বইটি অদূর ভবিষ্যতে প্রকাশের জন্য প্রস্তুত করার আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: তোলো নিউজ

Home R3