১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানরা ধর্মীয় মূল্যবোধের সঙ্গে কখনোই আপোস করবে না : মাওলানা মুত্তাকি

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, আফগান জনগণের দুটি মৌলিক নীতি রয়েছে। এগুলো হলো ধর্মীয় মূল্যবোধ এবং দেশের ভূখণ্ড রক্ষা। এসব বিষয়ে তারা কখনো আপস করবে না।

শনিবার (১৫ আগস্ট) কাবুলের লয়া জিরগা তাঁবুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২০২১ সালের ১৫ আগস্ট আগের সরকার পতনের পর ইসলামিক আমিরাত ক্ষমতায় ফিরে আসার দিনটি স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও কয়েকজন কর্মকর্তা বক্তব্য দেন। তারা আফগানিস্তানের স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ইমারাতে ইসলামিয়া বিরোধীদের দেশে যুদ্ধ ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাওলানা মুত্তাকি বলেন, আফগানরা কখনোই নিজেদের দেশে বিদেশি দখলদারিত্ব মেনে নেয়নি। তারা সবসময় নিজেদের মাতৃভূমি রক্ষা করেছে।

তিনি বলেন, এখন সরকার ও জনগণের একসঙ্গে নিজেদের ধর্ম ও দেশ রক্ষার সময় এসেছে।

মাওলানা মুত্তাকি আরও বলেন, এই জাতির দুটি অত্যন্ত শক্তিশালী নীতি ও মূল্যবোধ রয়েছে, যা তারা কখনো পরিত্যাগ করেনি এবং ভবিষ্যতেও করবে না। প্রথমটি হলো ধর্মীয় মূল্যবোধ। এর জন্য তারা জীবন ও সম্পদ উৎসর্গ করতে, কষ্ট ও হিজরত সহ্য করতে এবং প্রয়োজনে যুদ্ধের ময়দানে অবস্থান করতে প্রস্তুত। দ্বিতীয়টি হলো নিজেদের মাতৃভূমি রক্ষা। কোনো পরিস্থিতিতেই তারা দেশের এক ইঞ্চি ভূখণ্ড কারও কাছে ছেড়ে দেবে না। এই পবিত্র ভূমিতে বিদেশিদের পদচারণাও তারা মেনে নিতে পারে না।

তিনি বলেন, ইতিহাসে আফগানিস্তান নানা কঠিন ও জটিল পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও কখনো স্বাধীনতা হারায়নি।

মুত্তাকি বলেন, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে দখলদারিত্বের সময় দেশটির জনগণের ওপর সমাজতন্ত্র চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। একইভাবে আমেরিকা ও ন্যাটোও আফগানদের ওপর উদার গণতন্ত্র চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এসব মতাদর্শ আফগানদের কাছে গ্রহণযোগ্য ছিল না এবং তাদের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ছিল। এ কারণেই শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে। আফগানদের অর্জিত বিজয়ের পর এখন সরকার ও জনগণের মূল্যবোধ এক হয়ে গেছে। তারা একই সঙ্গে দেশ ও নিজেদের মূল্যবোধ রক্ষা করছে।

শহীদ, এতিম ও প্রতিবন্ধীদের জন্য বছরে ১২ বিলিয়ন আফগানি :

প্রশাসনিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফি বলেন, ইমারাতে ইসলামিয়া প্রতিবছর শহীদদের পরিবার, এতিম ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ১২ বিলিয়ন আফগানির বেশি অর্থ ব্যয় করে। অতীতের যুদ্ধগুলোতে নিহত সব আফগানের পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই সমানভাবে তা বিতরণ করা হয়।

মাওলানা হানাফির দাবি, ইসলামিক আমিরাত ক্ষমতায় ফেরার পর থেকে সারা দেশে দ্রুত গতিতে বিভিন্ন পুনর্গঠন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

নিরাপত্তা বজায় রাখার আহ্বান :

হজ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রী শেখ নূর মোহাম্মদ সাকিব বলেন, দখলদারিত্বের অবসান ও শরিয়াভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অর্জিত স্বাধীনতাই আল্লাহর কাছে মূল্যবান। আফগানরা শরিয়াভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই স্বাধীনতা অর্জন করেছে।

সীমান্ত, উপজাতি ও জাতিগত বিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরী বলেন, আফগানরা ইতিহাসজুড়ে বড় ধরনের ত্যাগ স্বীকার করেছে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করেছে।

তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরুদ্ধে আফগানদের প্রতিরোধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি পর্যায়েই আফগানরা বিশ্বাস, আল্লাহর বিধানের প্রতি আস্থা, আল্লাহর ওপর নির্ভরতা এবং জনগণের সহযোগিতা নিয়ে লড়াই করেছে।

ইমারাতে ইসলামিয়া বিরোধীদের উদ্দেশে নূরী বলেন, যুদ্ধ ও বিপ্লবে ক্লান্ত আফগান জনগণ এখন আর যুদ্ধ চায় না। তারা সংঘাত, কষ্ট ও দুর্ভোগে ক্লান্ত। এখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তিনি আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি এবং শান্তিতে থাকা জনগণকে বিরক্ত না করার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান।

স্বাধীনতা ও জাতীয় মূল্যবোধ :

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী শেখ খায়ের আহমাদ হাক্কানি বলেন, আফগানরা এখন এমন একটি ব্যবস্থা পেয়েছে, যা সব দিক থেকে সম্পূর্ণ স্বাধীন। ইমারাতে ইসলামিয়া নিজেদের রাষ্ট্রব্যবস্থার কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে কারও নির্দেশ মেনে নেয়নি।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা বিষয়ক উপমন্ত্রী মাওলানা হায়াতুল্লাহ মুহাজির ফারাহি বলেন, ১৫ আগস্টের গুরুত্ব হলো, এই দিনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা বহন করে।

তিনি বলেন, দিনটি আফগান জনগণের দৃঢ় সংকল্প ও প্রত্যয়ের প্রতীক। নিজেদের মাতৃভূমি, স্বাধীনতা, জাতীয় মূল্যবোধ এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রক্ষায় আফগানরা কখনো ত্যাগ স্বীকার থেকে পিছিয়ে যায়নি।

সূত্র : বার্তা সংস্থা পাজক আফগান নিউজ

Home R3