সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। কাজ চলাকালে কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোফা কারখানাটিতে কাজ চলার সময় আকস্মিকভাবে আগুন লেগে যায়। সেখানে বিপুল পরিমাণ দাহ্য ফোম, কাঠ, কাপড় ও কেমিক্যাল থাকায় মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে পুরো ভবনটি ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে ভেতরে আটকা পড়া শ্রমিকরা দ্রুত বাইরে বের হওয়ার সুযোগ পাননি।
ঘটনার খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে কারখানার ভেতর থেকে ১৬ জন বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে রিয়াদ স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া চলছে এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে তাঁদের মরদেহ দেশে পাঠাতে কাজ শুরু করবে রিয়াদস্থ বাংলাদেশ মিশন।
জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসীদের অনেকেই নওগাঁসহ দেশের বিভিন্ন জেলা থেকে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।