তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (TAPI) মেগা গ্যাস পাইপলাইন প্রকল্পের আওতায় গ্যাস ক্রয়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। আফগানিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘আফগান গ্যাস কোম্পানি’ এবং তুর্কমেনিস্তানের ‘তুর্কমেনগাজ’-এর মধ্যে ঐতিহাসিক এই চুক্তিটি বাস্তবায়িত হয়।
আজ সোমবার (১০ আগস্ট) আফগানিস্তানের হেরাত প্রদেশের সীমান্ত শহর তোরঘুন্দিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দেশটির অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে আফগান গণমাধ্যম আরিয়ানা নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়কমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার এবং তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবানগুলি বেরদিমুহামেদভ সরাসরি উপস্থিত ছিলেন।
উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই চুক্তির মধ্য দিয়ে ট্যাপি (TAPI) প্রকল্পের আওতায় আফগানিস্তানের জন্য নির্ধারিত গ্যাসের মূল্য, প্রয়োজনীয় গ্যাসের বার্ষিক পরিমাণ এবং তা বিতরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সমঝোতার ফলে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রস্তাবিত বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো প্রকল্পে নতুন গতি সঞ্চারিত হবে।