রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) সকালে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম শিক্ষা কার্যক্রম ক্যামব্রিজ কারিকুলাম অনুসারে পরিচালিত হবে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে পারে।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, মূল্যবোধভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠান দেশ ও জাতির জন্য দক্ষ, যোগ্য এবং মানবিক নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।