২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রপ্তানিভিত্তিক অর্থনীতি গড়তে কাজ করছে আফগান সরকার : ডেপুটি প্রধানমন্ত্রী

আফগানিস্তানকে আমদানিনির্ভর অর্থনীতি থেকে বের করে রপ্তানিভিত্তিক দেশে পরিণত করতে কাজ করছে তালেবানের নেতৃত্বাধীন সরকার। এমনটাই জানিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী।

বুধবার (১ জুলাই) কাবুলের আফগানিস্তান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় ও আন্তর্জাতিক শিল্প ও খনিজ সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা হানাফী বলেন, ইমারাতে ইসলামিয়ার লক্ষ্য হলো আফগানিস্তানকে এমন একটি অর্থনীতিতে রূপান্তর করা, যেখানে স্থানীয় উৎপাদন ও রপ্তানি হবে প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। তিনি জানান, দেশে স্থানীয় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং শিল্প খাতে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। পঞ্চম জাতীয় ও আন্তর্জাতিক শিল্প ও খনিজ প্রদর্শনী সেই অগ্রগতিরই প্রতিফলন।

তিনি বলেন, কয়েক দশকের যুদ্ধ আফগানিস্তানের অর্থনীতি, অবকাঠামো ও শিল্প খাতে ব্যাপক ক্ষতি করেছে। তবে যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে, বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইমারাতে ইসলামিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডেপুটি প্রধানমন্ত্রী আরও জানান, শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার প্রায় ২৫ ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। এর মধ্যে শিল্প স্থাপনের জন্য জমি বরাদ্দ, কর-সুবিধা এবং বিনিয়োগবান্ধব বিভিন্ন প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আফগানিস্তানের খনি খাতসহ অন্যান্য সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি দেশের বিদ্যমান বিনিয়োগের সুযোগগুলো সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে অংশ নেওয়ারও আহ্বান জানান।

সূত্র : হুররিয়াত রেডিও

Home R3