মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৯১ বাংলাদেশিসহ মোট ২৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গর অঙ্গরাজ্যে পরিচালিত একটি বিশেষ ‘মেগা অপস’ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক।মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭০ অবৈধ অভিবাসী আটক
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শাহ আলম ও ক্লাং এলাকার দুটি কারখানায় অভিযান চালিয়ে মোট ৫৮৬ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়। এর মধ্যে ২৭০ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ১৯১ জন বাংলাদেশি, ৩৯ জন পাকিস্তানি, ৩৪ জন নেপালি, ৫ জন মিয়ানমারের নাগরিক এবং ১ জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রায় তিন সপ্তাহ নজরদারির পর পূর্বপরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান, অনুমোদিত কাজের বাইরে কর্মসংস্থান এবং কর্মপরমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযান শেষে আটক সবাইকে সেমেনিয়িহ (Semenyih) ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে নিয়োগকর্তাদেরও সতর্ক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বিদেশি কর্মীদের নিয়োগ, কাগজপত্র সংরক্ষণ এবং কাজের অনুমতি যথাযথভাবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।