চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইন করার চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবির বাধায় সেটি সম্ভব হয়নি। বিএসএফের ঠেলে পাঠানো ২৮ জন এখন শূন্য রেখায় অবস্থান করছেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো ফল আসেনি।
শূন্য রেখায় অবস্থানকারীরা এখন চরম অমানবিক পরিস্থিতিতে পড়েছেন। তারা খোলা আকাশের নিচে তীব্র গরম আর বৃষ্টিতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। সেখান থেকে নারী ও শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসছে। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুজ্জামান।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জোয়ানরা পুশইনের চেষ্টা চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঙ্গাবাড়ি বিওপির একটি চৌকশ টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। ফলে তারা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করে। এরপর দুপুরে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবি জানায়, তারা কোনো ধরনের পুশইন মেনে নেবে না।
বিএসএফ জানায়, তারা তাদের দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদের ভারতে ফেরত নেবে না। এর ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় পতাকা বৈঠক। এতে করে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে হচ্ছে ওই ২৮ জনকে। পরে বিজিবির অনুরোধে তাদের দুপুরের খাবার দেয় বিএসএফ।
এদিকে বিকালের দিকে ঝুম বৃষ্টি নামে এবং এ সংবাদ লেখা পর্যন্ত অনবরত বৃষ্টি পড়ছে। এর ফলে বৃষ্টিতে ভিজতে হচ্ছে ভুক্তভোগীদের। এই সময় শূন্য লাইন থেকে তাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।