১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক চায় আফগান সরকার : আফগান মুখপাত্র

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। একই সঙ্গে সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আফগান সরকার।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ক্ষমতায় ফেরার পর থেকেই কাবুল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের নীতি অনুসরণ করে আসছে। অঞ্চলের অধিকাংশ দেশের সঙ্গে ইমারাতে ইসলামিয়ার সম্পর্ক ইতিবাচক অবস্থায় রয়েছে। বর্তমানে উজবেকিস্তান, ইরান, চীন ও তুর্কমেনিস্তানের সঙ্গে আফগানিস্তানের শক্তিশালী সম্পর্ক রয়েছে।

মাওলানা মুজাহিদ আরও বলেন, তাজিকিস্তানের সঙ্গেও সম্পর্ক তুলনামূলকভাবে ইতিবাচক। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে প্রচেষ্টা চলছে।

পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় ফেরার পর শুরুতে কাবুল ও ইসলামাবাদের সম্পর্ক ইতিবাচক ছিল। তবে পরে পাকিস্তানের কিছু পদক্ষেপ ও লঙ্ঘনের কারণে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়।

জাবিহুল্লাহ মুজাহিদ জোর দিয়ে বলেন, এই উত্তেজনা সৃষ্টির জন্য ইমারাতে ইসলামিয়া দায়ী নয়। একই সঙ্গে তিনি সব প্রতিবেশী দেশ, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়ে কাবুলের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

তার মতে, দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

Home R3