পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজ আদায় শেষে রাজধানীর জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং দলীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী প্রথমে তার সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। তারপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরো বলেন, জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহি থাকার চেষ্টা করছেন। পাশাপাশি, এবার দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে ও শান্তিতে ঈদ উদযাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।
এরপরে বনানী কবরস্থানে ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।