মক্কার পবিত্র মসজিদুল হারামে আসন্ন ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. বানদার বালিলাহ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
শায়খ বালিলাহ প্রায় এক দশক ধরে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।
তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতক এবং ইসলামি ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
২০১৩ সালে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন। এর আগে মক্কার বিভিন্ন মসজিদে তিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন।
মসজিদে হারামে ঈদের নামাজে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি অংশগ্রহণ করেন এবং এটি সরাসরি সম্প্রচার করা হয়।