২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার

রিয়াদ: ১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমকে সামনে রেখে ভিসা ইস্যু ও যাত্রী আগমনের সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে ২০২৬ থেকে ওমরাহ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে।

মন্ত্রণালয়ের প্রকাশিত ওমরাহ ক্যালেন্ডারে ভিসা ইস্যু, যাত্রী আগমন, পারমিট গ্রহণ এবং সৌদি ত্যাগের সময়সীমাসহ গুরুত্বপূর্ণ তারিখগুলো নির্ধারণ করা হয়েছে।

ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে ওমরাহ যাত্রীরা মক্কায় প্রবেশ করতে পারবেন। একইসঙ্গে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করা যাবে।

ঘোষণা অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭। এছাড়া সৌদি আরবে প্রবেশের শেষ সময়সীমা ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত নির্ধারিত হয়েছে।

ওমরাহ যাত্রীদের জন্য চূড়ান্তভাবে সৌদি আরব ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল ২০২৭।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে যাত্রীদের জন্য মানসম্মত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করা যায়।

Home R3