পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৮ সেনা নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাজিকুর (বাজাউর) জেলায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সামরিক পোস্টে এ হামলা হয়। কর্মকর্তারা জানান, প্রথমে বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে চৌকিতে আঘাত করা হয়, এরপর শুরু হয় তীব্র বন্দুকযুদ্ধ।
নিরাপত্তা কর্মকর্তাদের একজন বলেন, ‘প্রথমে কোয়াডকপ্টার দিয়ে আক্রমণ চালায়, পরে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে ভবনে বড় বিস্ফোরণ ঘটায়।’
তিনি আরও জানান, পরে তারা চৌকিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাটি সীমান্ত পারাপার প্রতিরোধে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সংঘটিত হয়।
কর্মকর্তারা দাবি করেন, নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়ে হামলাকারী সবাইকে হত্যা করেছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।