১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটি অনুমোদিত হয়। সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে পদ্মা ব্যারেজ ছিল ১১ নম্বর কার্যতালিকায়।

প্রকল্প অনুমোদনের পর পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের বিষয়। এ নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা প্রয়োজন নেই। তবে গঙ্গা নিয়ে আলোচনা চলছে।

মন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে, যা দেশের মোট আয়তনের এক-তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত। দেশীয় অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং প্রতি বছর গড়ে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে খাল খননের মাধ্যমে পানি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পানি সংরক্ষণে কারিগরি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গঙ্গা চুক্তি বাস্তবায়নে একটি কারিগরি দল কাজ করছে বলেও জানান তিনি।

ফারাক্কা ব্যারেজের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজবাড়ীর পাংশায় নির্মিতব্য ব্যারেজে পানি সংরক্ষণ করা হবে। তবে ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়টি এই প্রকল্পের আওতায় নয়।

প্রকল্প সংশ্লিষ্ট নথি অনুযায়ী, প্রস্তাবিত ব্যারেজে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ও পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে সহায়ক হবে।

উল্লেখ্য, প্রকল্পটি এর আগে কয়েক দফা একনেক সভায় উপস্থাপন করা হলেও অনুমোদন পায়নি।