১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

নিহতরা হলেন সাতক্ষীরার বাসিন্দা শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। তারা জীবিকার তাগিদে লেবাননে অবস্থান করছিলেন।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণের আহ্বান জানাচ্ছে।

এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরাইলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হন। সাম্প্রতিক এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।