৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রতিদিনই দাগী আসামি গ্রেপ্তার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রতিদিনই দাগী আসামি গ্রেপ্তার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’—এই নীতিতেই আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, প্রতিদিনই দাগী আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলায় পাথর আহরণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। “সময় শেষ হয়ে যায়নি, অপেক্ষা করুন—দেখতে পাবেন অভিযান চলছে। প্রতিদিনই দাগী আসামি গ্রেপ্তার হচ্ছে,”—যোগ করেন তিনি।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। কোথাও কোথাও যৌথভাবে, আবার অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এককভাবেও অভিযান পরিচালনা করছে।

‘বড় গডফাদারদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করে ধাপে ধাপে অভিযান পরিচালনা করছে। “আইনের ঊর্ধ্বে কেউ নয়,”—এ কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে, পুলিশ বাহিনীকে কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের মধ্যেও সেই আস্থা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, সরকারের চলমান অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, যদিও এ বিষয়ে ভিন্নমত থাকার কথাও স্বীকার করেন।