২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (৩ মে) সাংবাদিকদের তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চিফ প্রসিকিউটর জানান, এই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২০ থেকে ২৫ জনকে আসামি করা হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সব নাম প্রকাশ করা হচ্ছে না।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় প্রাথমিকভাবে ৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্ল্যা নজরুল ইসলাম।
অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং বেনজীর আহমেদ।
তদন্ত প্রতিবেদন জমা হলে মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।