সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধর্ম, দল বা পরিচয় বিবেচনা করা হয়নি; যোগ্যতার ভিত্তিতেই সবাইকে কার্ড দেওয়া হয়েছে। একই নীতিতে কৃষক কার্ডও সার্বজনীনভাবে বিতরণ করা হবে।
শনিবার (২ মে) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আয়োজনে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ১ জুলাই থেকে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। ফ্যামিলি কার্ডের মতোই এই কর্মসূচিও সকল উপযুক্ত কৃষকের জন্য উন্মুক্ত থাকবে।
তিনি কৃষকদের উদ্দেশে বলেন, যশোর ও ঝিনাইদহ জেলার মতো ফুল চাষে এগিয়ে আসতে হবে, কারণ এটি লাভজনক ফসল। সঠিক উদ্যোগ নিলে স্থানীয় পর্যায়েও ফুল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এছাড়া আশুরার বিল ও সিতাকোর্ট এলাকার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব স্থানে উন্নয়ন করা গেলে তা পর্যটন আকর্ষণ হিসেবেও গড়ে উঠতে পারে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ের সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী করতে কাজ করছে এবং এ লক্ষ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।