আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রাহমানুল্লাহ গুরবাজ কাবুলে একটি নতুন দাতব্য সংস্থা চালু করেছেন, যার নাম রহমানুল্লাহ গুরবাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
শুক্রবার (১ মে) উদ্বোধনী অনুষ্ঠানে গুরবাজ জানান, এই ফাউন্ডেশনের লক্ষ্য হলো, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের সুযোগ বাড়ানো এবং আফগানদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
তিনি বলেন, দেশের উন্নতির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার প্রসার। একজন শিক্ষিত মানুষ আলোকিত, আর যে শিক্ষা থেকে বঞ্চিত, সে যেন দৃষ্টিহীন মানুষের মতো।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারাও দেশের উন্নয়নের জন্য শিক্ষায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।
আফগানিস্তানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া অধিদপ্তরের কর্মকর্তা আহমাদুল্লাহ ওয়াসিক সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ অবশ্যই আন্তরিক ও স্বচ্ছ হতে হবে। এগুলো যেন শুধু দেখানোর জন্য বা ব্যক্তিগত স্বার্থে না হয়, বরং সাধারণ মানুষের বাস্তব উপকারে আসে; এটা নিশ্চিত করতে হবে।
বর্তমানে আফগানিস্তান দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ ও অভিবাসীদের প্রত্যাবর্তনসহ নানা সংকটে রয়েছে। এসব কারণে দেশে মানবিক সহায়তার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে।
সূত্র : আরিয়ানা নিউজ