২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা অবৈধ কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় নিজ দেশে ফেরার সময় আরও এক বছর বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ মে পর্যন্ত তারা এই সুযোগ পাবেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগে এই কর্মসূচির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির দ্বিতীয় ধাপের কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচিটি উচ্চসংখ্যক নিবন্ধন, স্বেচ্ছায় প্রত্যাবাসন এবং জরিমানা আদায়ে ইতিবাচক সাফল্য দেখিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় নিবন্ধন করেছেন। এ সময় প্রায় ১২৭ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আদায় হয়েছে, যা স্বেচ্ছামূলক প্রত্যাবাসন ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরে।

এই কর্মসূচির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অবৈধ অভিবাসীরা আইনি জটিলতা থেকে আংশিক অব্যাহতি পান। বৈধ পাসপোর্ট ছাড়া প্রবেশ বা অবস্থানের জন্য ৫০০ রিঙ্গিত এবং পাসের শর্ত ভঙ্গের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রত্যাবাসনের জন্য বিশেষ পাস ইস্যু করতে ২০ রিঙ্গিত ফি দিতে হয়।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফেরার প্রবণতা বাড়ানো, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপ কমাতেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিটি ইতোমধ্যে একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে।

Home R3