২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক সংঘাত শুরু হয়েছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বলেছেন, অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) একটি বিপজ্জনক সংঘাত শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংলাপের মাধ্যমে এই সংকটের সমাধান হবে এবং ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।

আফগানিস্তানে আন্তর্জাতিক ঐতিহ্যবাহী কুস্তি (কুরাশ) গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুত্তাকী এ সময় অঞ্চলের বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে ইরান ও তুরস্ককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিদ্যমান নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তারা শারীরিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যা আফগানিস্তানের সঙ্গে তাদের অব্যাহত সহযোগিতার প্রমাণ।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, খেলাধুলা, দেশ, জাতি, জাতিগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম।

তিনি জানান, ইমারাতে ইসলামিয়া অন্যান্য মানবিক প্রয়োজনের পাশাপাশি তরুণ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ক্রীড়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বৃহত্তর ঐক্য জোরদারে তারা কাজ করে যাচ্ছে।

সূত্র: হুরিয়াত রেডিও