১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

এ উপলক্ষে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রাজধানী লিসবনের একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

দূতাবাস প্রধান এস এম গোলাম সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্জ ডি অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা। উক্ত অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, কূটনীতিক, বিভিন্ন দেশের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান দূতাবাসের কর্মকর্তারা । অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় বাংলাদেশ এবং পর্তুগালের জাতীয় সংগীত ।

পরে অতিথিদের উদ্দেশ্যে বক্তব্যে দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের উন্নয়ন অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, স্বাধীনতার মহান আদর্শকে ধারণ করে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষ বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের আয়োজন করা হয়।