এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে তা বন্ধ রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই, তাদের দ্রুত তা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সরকার এ জন্য অর্থ বরাদ্দ দেবে।
তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যেই অনিয়ম করুক না কেন, কেন্দ্র সচিবকে জবাবদিহির আওতায় আনা হবে।
দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের সমালোচনা করে তিনি বলেন, কিছু শিক্ষক শ্রেণিকক্ষে মনোযোগ না দিয়ে বোর্ডে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জনে বেশি আগ্রহী হয়ে পড়েছেন, যা পরিবর্তন করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি খুব কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।