বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ‘আমাদের নববর্ষ, আমাদের সংস্কৃতি’ প্রতিপাদ্যকে ধারণ করে রাজধানীতে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, শিল্প ও সমৃদ্ধ সাংস্কৃতিক রঙকে সামনে রেখে অনুষ্ঠিত হবে এই উৎসব।
সব বয়সের মানুষ অংশগ্রহণে নববর্ষের আনন্দ, রীতিনীতি ও সাংস্কৃতিক সংস্কারের মিলন ঘটাতে যাচ্ছে এই উৎসব। আয়োজনের মাধ্যমে বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
বাংলা নববর্ষকে প্রণবন্ত করতে আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার সকাল ১০টায় মুক্তাঙ্গন থেকে শুরু হবে বর্ণাঢ্য র্যালি ‘বাংলা নবযাত্রা’। দুপুর ১২টায় ভাত-গরু-মিষ্টিমুখের মাধ্য অনুষ্ঠিত হবে বাঙালি মেজবান। বিকেল ৩টায় শুরু হবে বাংলা সাংস্কৃতিক উৎসব, যেখানে থাকবে সংগীত, কবিতা ও কথন। অনুষ্ঠানে অংশ নেবেন দেশের পরিচিত শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিন্তাশীল সিনিয়র আলেম, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জাগ্রত কবি আল্লামা কবি মুহিব খান।
জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জানায়, এই আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে এবং বাঙালির নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে উৎসাহিত করা হবে।