১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

ভারতে মুসলিম ব্যক্তিকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগে তদন্তের নির্দেশ ওড়িশা উচ্চ আদালতের

ভারতে মুসলিম ব্যক্তিকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগে তদন্তের নির্দেশ ওড়িশা উচ্চ আদালতের

ওড়িশায় এক মুসলিম ব্যক্তিকে মারধর করে ‘জয় শ্রী রাম’ বলাতে বাধ্য করার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশার উচ্চ আদালত। এই তদন্ত একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা, ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (DSP)-এর তত্ত্বাবধানে করতে হবে বলেও উল্লেখ করেছে আদালত।

ভুক্তভোগীর বাবা ঘটনাটির ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পর বিচারপতি সাবিত্রি রাথোর এই নির্দেশ দেন।

জানুয়ারির শুরুতে ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার বাহালদা এলাকায় ঘটে।

অভিযোগ অনুযায়ী, একদল লোক ওই মুসলিম ব্যক্তিকে মারধর করে, কাপড় খুলে দেয়, পা বেঁধে রাস্তায় টেনে নিয়ে যায় এবং জোর করে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে। পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা পরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

৩ জানুয়ারি বাহালদা থানায়  ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী মামলা করা হয়। এতে অবৈধভাবে আটক, অশ্লীল আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আরও কয়েকজন আসামি এখনো পলাতক। ভুক্তভোগীর বাবা চান, তদন্তটি ক্রাইম ব্রাঞ্চ বা বিশেষ তদন্ত দল (SIT)-এর কাছে হস্তান্তর করা হোক, যাতে তদন্ত আরও বিশ্বাসযোগ্য হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ভুক্তভোগীর আঘাত গুরুতর নয় এবং দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে আদালত ঘটনার সাম্প্রদায়িক দিক ও প্রকাশ্যে অপমানের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

সূত্র : মুসলিম মিরর

Home R3