জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস পরিচালনার পক্ষে মত দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমি ইতোমধ্যে পরিসংখ্যান করেছি—৫৫ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইনে ক্লাস হোক। তবে পুরোপুরি অনলাইন হলে আমরা আবার অসামাজিক হয়ে যাব।
তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় মহানগর এলাকার স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। এ লক্ষ্যে সপ্তাহে ৬ দিন শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে হাইব্রিড পদ্ধতিতে আনার বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় এ পরিকল্পনা উপস্থাপন করা হবে এবং সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় অনলাইনভিত্তিক ক্লাস চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।