বাংলাদেশি ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না।
শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ভিসা থাকা সত্ত্বেও কোনো ভ্রমণকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেন প্রবেশপথে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তা।
পোস্টে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর একজন ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, সেটিও নির্ধারণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ফলে ভিসা থাকলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলে প্রবেশে বাধা দিতে পারেন।
ভিসাধারীদের সতর্ক করে দূতাবাস জানায়, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করা—যেমন টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা—গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ ধরনের নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নির্ধারিত নিয়ম মেনে চলা এবং সময়মতো দেশে ফিরে আসার ওপর ভবিষ্যতে ভিসা পাওয়া বা পুনরায় ভ্রমণের সুযোগ নির্ভর করে।
বিশ্লেষকদের মতে, ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থানের ঘটনা বাড়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কড়াকড়ি বাড়িয়েছে। এর অংশ হিসেবেই নিয়মিত এমন সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে।