বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। সাতটার পরপরই পৌছান ওই বাসায়।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও দলের স্থায়ী কমিটির সদস্য এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
অন্যদিকে জামায়াত আমীরের সাথে ছিলেন দলের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
এর আগে শনিবার বিএনপি সূত্র জানিয়েছেল, তারেক রহমান রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরো ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২।