দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে ঢুকে ১৪ জনের ওপর অতর্কিত হামলা চালায় তিন বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই নারীসহ ১৩ জন পুরুষ একটি অনুষ্ঠানে অংশ নিতে বাড়িটিতে অবস্থান করছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ জনের মরদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

হামলার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে অপরাধী চক্র ও প্রতিপক্ষ গোষ্ঠীর মধ্যকার পুরোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত ও আহতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড ছিল বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদমাধ্যম ইএনসিএ জানায়, হামলার পর পালিয়ে যাওয়ার আগে বন্দুকধারীরা হতাহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।

উল্লেখ্য, বিশ্বের উচ্চ হত্যার হার থাকা দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। পুলিশি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৬০ জনেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক ও দলীয় কোন্দল, এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে দেশটিতে সহিংসতা বেড়েছে।

Home R3