সরকার ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। বিদ্যমান চ্যালেঞ্জ স্বীকার করে তিনি জানান, সরকার ও ব্যবসায়ী সম্প্রদায় একসঙ্গে কাজ করলে এসব সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের সঙ্গে পূর্ববর্তী বৈঠকে উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির সমাধান ইতোমধ্যে করা হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
পারস্পরিক আলোচনা অব্যাহত রাখতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও বৈঠকের ঘোষণা দেন তিনি।
সভায় ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব তুলে ধরেন।
জবাবে প্রধানমন্ত্রী রপ্তানি বাড়াতে কূটনৈতিক সহায়তার আশ্বাস দেন।
সভায় মন্ত্রিপরিষদের সদস্য, অর্থনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।