৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

২ হাজার টাকার কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দেয়া লাগবে না তো, প্রশ্ন নাহিদের

২ হাজার টাকার কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দেয়া লাগবে না তো, প্রশ্ন নাহিদের

ক্ষমতায় গেলে জনগণের সুবিধায় বিভিন্ন কার্ড দেয়ার প্রতিশ্রুতির বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে এ বিষয়ে প্রশ্ন তুলেন তিনি।

বিএনপির নাম উল্লেখ না করে নাহিদ ইসলাম বলেন, আমরা শুনছি বিভিন্ন কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড দেয়া হবে, কৃষক কার্ড দেয়া হবে। আমরা চাই কার্ড দেয়া হোক, জনগণ সুবিধা পাক। কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২ হাজার টাকার কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দেয়া লাগবে না তো? ঘুষ, চাঁদাবাজি যদি আমরা নির্মূল না করতে পারি, এসব সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে?

এনসিপির এই আহ্বায়ক বলেন, একদিকে বলা হচ্ছে কার্ড দেবে, আর আরেকদিকে ঋণখেলাপিদের সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ কেমন দ্বিচারিতা? যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেয়ার নিয়ত থাকে তাহলে কেউ ঋণখেলাপিকে নমিনেশন দিতে পারে না। যারা ঋণ পরিশোধ করেনি, আপনাদের মনে হয় তারা সংসদে গেলে আর ঋণ পরিশোধ করবে? এরা আবারও ঋণ নেবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও বিদেশে টাকা পাচার করবে।