১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ বছর পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে আমেরিকা

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সামরিক মিশন সম্পূর্ণ বন্ধ করা হবে।

বুধবার (১২ আগস্ট) ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।

বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সংক্রান্ত যৌথ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বরই ইরাকে আইএসআইএসবিরোধী বৈশ্বিক সামরিক জোটের মিশন সমাপ্তি ও সেনা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারিত হয়েছে। ১ অক্টোবর থেকে ইরাকের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না।

বার্তা সংস্থা এপি-কে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেনা প্রত্যাহার সম্পন্ন করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে বর্তমানে ইরাকে ঠিক কতজন সেনা মোতায়েন রয়েছে কিংবা তাদের কোথায় স্থানান্তর করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, কুর্দিস্তান অঞ্চলের পেশমার্গাসহ ইরাকের নিজস্ব নিরাপত্তা বাহিনী এখন থেকে দেশে যেকোনো ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলার পূর্ণ দায়িত্ব পালন করবে। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে সামরিক উপস্থিতি এড়িয়ে অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে সাদ্দাম হোসেনকে উৎখাতের অভিযানের মধ্য দিয়ে ইরাকে বিদেশি সেনা মোতায়েনের সূচনা হয়েছিল। পরবর্তীতে মহাজোট গঠন করে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে ওয়াশিংটন। ২০২৪ সালে দুই দেশের সরকারের মধ্যে পর্যায়ক্রমে এই সামরিক মিশন বন্ধের বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছিল, যা এবার বাস্তবায়নের মুখ দেখছে।

Home R3