১৮ বছরের কম বয়সি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত বা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করছি, ১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে। আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদকাসক্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এ সমস্যা মোকাবিলায় শুধু ব্যক্তি বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সম্মিলিতভাবে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়লে তাকে অবহেলা বা শাস্তি দিয়ে নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে হবে। অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তরুণদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, অল্প বয়সে নানা প্রলোভন আসতে পারে, তবে সেগুলো এড়িয়ে সঠিক পথে চলতে হবে। অনুষ্ঠানে নবনির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সফলতা কামনা করেন তিনি।
এসময় তিনি বলেন, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতিমান শিক্ষাবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, তাদের আচরণ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। এই প্রতিষ্ঠান যে উদ্যোগ গ্রহণ করে, তা সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে বলেও উল্লেখ করেন তিনি।