বাংলাদেশের আপত্তির পর শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সংশ্লিষ্টতা বা সমর্থন নেই।
শুক্রবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল, যার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। “ওই আয়োজনের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক বা অবদান নেই,”—বলেন তিনি।
শেখ হাসিনা ওই ব্রিফিংয়ে বাংলাদেশ সরকার সম্পর্কে যে মন্তব্য করেছেন, সেগুলোর প্রতিও ভারতের কোনো সমর্থন নেই বলে স্পষ্ট করেন জয়সওয়াল। তিনি বলেন, “ওই প্রেস ব্রিফিংয়ে দেওয়া কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না, বিশেষ করে বাংলাদেশের বৈধ সরকারের বিষয়ে করা মন্তব্য তো নয়ই।”
এদিকে, একই অনুষ্ঠানে হাসিনাপুত্র সজিব ওয়াজেদ মন্তব্য করেন যে বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের মতো হয়ে উঠছে এবং দেশে সন্ত্রাসবাদ বাড়ছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ভারত তার প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি, বিশেষ করে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী ভারত সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকে।