১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হামলা বন্ধের ঘোষণা দিল ইরান ও ইসরাইল, উত্তেজনা প্রশমনের ইঙ্গিত

ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর পশ্চিম এশিয়ায় সৃষ্ট উত্তেজনার মধ্যে আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দুই দেশ।

সোমবার (৮ জুন) পৃথকভাবে এই ঘোষণা দেয় তেহরান ও তেল আবিব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, বর্তমান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরানও সামরিক পদক্ষেপ স্থগিত করার ঘোষণা দেয়।

তেহরান জানায়, আপাতত তারা হামলা বন্ধ রাখবে। তবে ইসরাইল যদি আবার ইরান বা লেবাননে হামলা চালায়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ অবস্থান স্পষ্ট করে।

দুই মাসের ব্যবধানে আবারও ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় রোববার দিবাগত রাত থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। সোমবার সকাল পর্যন্ত হামলা অব্যাহত ছিল।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে বার্তা দিয়ে দুই দেশকে হামলা বন্ধের আহ্বান জানান এবং সংঘাত প্রশমনের চেষ্টা করেন। পরবর্তী এক বার্তায় তিনি জানান, ইরান ও ইসরাইল তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথে এগোচ্ছে।

পরে এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, ট্রাম্পের অনুরোধে ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণা সাময়িক স্বস্তি আনলেও অঞ্চলটির পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর রয়ে গেছে।

Home R3