কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌ-ব্যবস্থাপনায় যেকোনো বহিরাগত হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, এতে প্রণালিটি পুনরায় স্বাভাবিকভাবে চালুর প্রক্রিয়াও বিলম্বিত হতে পারে।
ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাগচি জানান, ইরানের সামুদ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত কোনো বাহ্যিক চাপ বা হস্তক্ষেপের অধীন নয়। এ ধরনের চেষ্টা পরিস্থিতি আরও ঘোলাটে করবে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি তার প্রথম ইরাক সফর উল্লেখ করে তিনি বলেন, এই সফর অত্যন্ত সংবেদনশীল সময়ে অনুষ্ঠিত হচ্ছে। ইরানের ওপর হামলার নিন্দা জানানো এবং সমর্থন দেওয়ার জন্য ইরাক সরকার ও জনগণকে ধন্যবাদ জানান তিনি।
সফরের উদ্দেশ্য সম্পর্কে আরাগচি বলেন, ইরাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, নতুন সরকারকে অভিনন্দন জানানো এবং নাজাফ, কারবালা, সামাররা ও কাজিমিয়ায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের সমন্বয় করাই তার সফরের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের পাশাপাশি হরমুজ প্রণালি ও লেবাননের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ব্যবস্থাপনার দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের ওপরই থাকবে বলে উল্লেখ করেন আরাগচি।
এ ছাড়া, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত শক্তি ছাড়া একটি নতুন কাঠামো গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ইরান, ইরাক এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোকে নিয়ে আঞ্চলিক সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তেহরান।
সূত্র: মেহের নিউজ