১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

স্পেনে প্রবাসীদের জন্য সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা, সহজ হচ্ছে বৈধতার প্রক্রিয়া

স্পেনে প্রবাসীদের জন্য সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা, সহজ হচ্ছে বৈধতার প্রক্রিয়া

স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল। এ উদ্যোগের মাধ্যমে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি কাজী আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই প্রতিনিধি দল গত ৯ থেকে ১১ মে বার্সেলোনায় প্রায় ছয় শতাধিক প্রবাসীকে সেবা প্রদান করে। এরপর ১২ ও ১৩ মে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে আরও ৮২৬ জন প্রবাসী এই সেবা গ্রহণ করেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কার্যক্রমে নতুন অনলাইন আবেদনকারীদের তথ্য যাচাই শেষে তাৎক্ষণিকভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। পাশাপাশি পুরোনো সার্টিফিকেটের ভুল সংশোধন এবং আটকে থাকা অফলাইন আবেদনগুলোও অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।

প্রতিনিধি দল জানিয়েছে, ইউরোপের মধ্যে স্পেনে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার সরাসরি এই সেবা প্রদান করছে। আগামী ১৪ মে পর্যন্ত মাদ্রিদ ও বার্সেলোনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গত ১২ মে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রবাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে সম্প্রতি স্পেন সরকার প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচি গ্রহণ করেছে। এ বৈধতার আবেদনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হচ্ছে।

ফলে বাংলাদেশ সরকারের এই উদ্যোগ স্পেনে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের বৈধ হওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Home R3