রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সুদভিত্তিক অর্থনীতি মহান আল্লাহ ও রাসুলের (সা.) সঙ্গে যুদ্ধের শামিল। তাই এ ধরনের অর্থনীতি বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। তিনি জাকাত ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আলেমদের নিয়ে একটি কমিটি গঠন এবং একটি পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
তিনি বলেন, জাকাত যথাযথভাবে আদায় করা গেলে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ সম্ভব, যা দেশের বাজেট ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। তবে জাকাত সঠিকভাবে বণ্টনের জন্য যোগ্য নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সীমাহীন ঋণনির্ভর অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঋণের বোঝা জাতি ও দেশের জন্য ক্ষতিকর। ঋণ করে উন্নয়ন টেকসই নয় বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করতে হবে। পাশাপাশি মদ ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
তিনি ইসলামী অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মদিনা রাষ্ট্রে সুদ ছিল না, বরং জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল। বাংলাদেশেও সেই আদলে ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষা খাতের বিষয়ে তিনি বলেন, কওমি মাদ্রাসার জন্য বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন। শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং ধাপে ধাপে এমপিওভুক্তির মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব বলেও মত দেন তিনি।
এছাড়া শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কৃষকদের জন্য কার্যকর কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং আল্লাহর নির্দেশনা মেনে চললে দেশ ও জাতির কল্যাণ সম্ভব।
প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বাজেটে অপচয় রোধ ও জাকাত ব্যবস্থার বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা থাকা উচিত ছিল।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি সার্বিকভাবে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও ইসলামী মূল্যবোধসম্পন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।