৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়।

তিনি বলেন, অতীতের বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলেও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল, তাই একে শক্তিশালী ও কার্যকর করা জরুরি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায়ের বাস্তবায়ন করা গেলে দেশের বিচারব্যবস্থা শক্তিশালী হবে। এর মাধ্যমেই দেশের সব সম্প্রদায়ের মানুষের জন্য ন্যায়বিচার পাওয়ার একটি নির্ভরযোগ্য স্থান নিশ্চিত হবে।’

দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশে বহু ধর্ম ও বহু সংস্কৃতির যে ঐতিহ্য বিদ্যমান, সেই ধারা আমাদের বজায় রাখতে হবে।’

বিরোধীদলীয় এই চিফ হুইপ আরও বলেন, ‘আমরা সরকারে থাকি বা বিরোধীদলে, দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও একে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।’

Home R3