চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের কাছে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা পুলিশ। তাকে ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনার অংশ হিসেবেই এই পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
তিনি বলেন, ডেভিড ইমন ও তার সহযোগীরা চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে নিজেদের অবস্থান গোপন করার চেষ্টা করেন। সেখানে তারা পোশাক পরিবর্তন, ব্যবহৃত গাড়ি বদল এবং চালক পরিবর্তনের মতো পদক্ষেপ নেন। পরে খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তারা।
পুলিশ জানায়, সম্ভাব্য পালানোর রুটে আগেই চেকপোস্ট বসানো থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তাদের আটক করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। এতে ছবি, জন্মতারিখ ও একটি পরিচয় নম্বর সংযুক্ত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতে পৌঁছে ভুয়া পরিচয়ে বসবাসের প্রস্তুতির অংশ হিসেবে এই কার্ডটি দেওয়া হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি—তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজন হলে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও তথ্য আদান-প্রদান করা হবে।
এছাড়া সীমান্ত পেরিয়ে পালানোর পুরো পরিকল্পনা, আধার কার্ড সংগ্রহের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
তবে আধার কার্ডটির বৈধতা বা এটি ব্যবহার করা হয়েছিল কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য জানায়নি পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তারা।