৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্যে তাহের বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার পরিবার সীমান্তবর্তী এলাকায় বসবাস করত এবং সীমান্ত পাড়ি দেওয়া মানুষদের আশ্রয় ও খাদ্য সহায়তা দিত। পাশাপাশি পাকিস্তানি সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হতো বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “বর্তমানে আমাদের রাজাকার-আলবদর হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কেউই রাজাকার বা আলবদর ছিলাম না। সেই হিসেবে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।”

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার (টু-থার্ড মেজরিটি) দাপট ও অহংকার নিয়ে সতর্ক করে তিনি বলেন, অতীতে এ ধরনের ক্ষমতার অপব্যবহার অনেক নেতার জন্য অশুভ পরিণতি ডেকে এনেছে।

এ প্রসঙ্গে তিনি ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর সময়কার রাজনৈতিক বাস্তবতার উদাহরণ তুলে ধরেন।

সরকারকে সতর্ক করে তাহের বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ঔদ্ধত্য সৃষ্টি হয়, যা জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তিনি বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে ঐক্যমতের কথা বলা হলেও বর্তমানে সংসদে একটি ‘শত্রুতামূলক পরিবেশ’ বিরাজ করছে, যা জাতিকে হতাশ করতে পারে।