ইসরাইল শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরের শুরুতে নির্ধারিত আলোচনায় অংশ নেবে না লেবানন। দেশটির প্রতিনিধিদলের নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ফরাসি ভাষার লেবানিজ সংবাদমাধ্যম ল’অরিঅঁ-লে জুর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইল লেবাননের দাবিগুলো মেনে নেবে কি না, তার ওপরই আলোচনায় বৈরুতের অংশগ্রহণ নির্ভর করছে। এ কারণে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখও এখনো চূড়ান্ত করা হয়নি।
লেবাননের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ ওই সূত্র জানায়, ইসরাইল শর্ত না মানলে নতুন করে কোনো আলোচনা হবে না। লেবাননের এসব শর্তের মধ্যে রয়েছে—পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর বিধ্বংসী কর্মকাণ্ড ও মাটি কাটার কাজ সম্পূর্ণ বন্ধ করা।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই দক্ষিণ লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্যমতে, ইসরাইলি বাহিনী দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মানসুরি ও নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় গোলাবর্ষণ এবং কাফর তেবনিত শহরে বড় ধরনের বোমা হামলার খবর পাওয়া গেছে।
চলতি বছরের মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৩৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ সময় আহত হয়েছেন আরও প্রায় ১২ হাজার ২৫০ জন।
সূত্র: মিডল ইস্ট আই