আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় সংঘটিত এ ভূমিকম্পের কম্পন আফগানিস্তানের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লি, দিল্লি-এনসিআর এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে। গভীরতার কারণে কম্পনটি দূরবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়ে।
হঠাৎ কম্পনে দিল্লি ও আশপাশের অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
নেটিজেনরা জানান, কম্পনের সময় ঘরের আসবাবপত্র দুলতে দেখা গেছে এবং কয়েক সেকেন্ড ধরে কাঁপুনি অনুভূত হয়।
তবে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে আফগানিস্তান বা ভারতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: ফার্স্টপোস্ট