২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ

এক অর্থবছরে প্রবাস আয়ের ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন (৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা দেশের ইতিহাসে একক অর্থবছরে সর্বোচ্চ।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৩০ জুন একক দিনে এসেছে ১২০ মিলিয়ন ডলার। তবে ২০২৪ সালের জুনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয় পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানামুখী প্রণোদনা এবং ডলারের ক্রলিং পেগসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগের ফলে হুন্ডির পরিবর্তে ব্যাংকিং মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে।

অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Home R3