১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। এ প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের গঠনমূলক প্রচেষ্টা ও দূরদর্শী ভূমিকার প্রশংসা করা হয়েছে।

বাংলাদেশ আশা প্রকাশ করে, চুক্তিটি সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি আরও সুদৃঢ় হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের জন্যও অপরিহার্য।

বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারা অব্যাহত রেখে অবশিষ্ট বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানায়।

এছাড়া আশা প্রকাশ করা হয়, এই চুক্তি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিকতা, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Home R3